Agaminews
Dr. Neem Hakim

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


admin প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন /
পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এছাড়া এ ঘটনায় সোস্যাল মিডিয়ায় সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার ফুঁসে উঠেছেন। হামলার পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে এরই মধ্যে জীবন ও মনা নামের দুই সিন্ডিকেট সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ (৬ মার্চ) শুক্রবার সকালে হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন সড়কে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, এটিএম নিজাম, সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক এসকে রাসেল, কবি ও শিক্ষক আমিনুল ইসলাম সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদে দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে হাঁস-মুরগি, গরু-ছাগল, নারকেল, কোরআন শরিফ, বাতাসা, মোমবাতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী। এ নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব দানের সামগ্রী কিনে আসছিল বলে অভিযোগ রয়েছে। ওই কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চার সংবাদকর্মী।
নিলাম শুরু হলে একপর্যায়ে সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে ‘মব’ সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে চ্যানেল টোয়েন্টিফোরের খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির ফয়জুল ইসলাম ভুইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে সাংবাদিকরা এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন।