Agaminews
Dr. Neem Hakim

প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে ইটের আঘাতে এক নারী নিহত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন /
প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে ইটের আঘাতে এক নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে ছেলের শ্যালকসহ শ্বশুর বাড়ির লোকজনের হামলায় দীপালি রানী দাস (৫৫) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর দুপুর ২টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দীপালি একই এলাকার প্রয়াত শৈলেন দাসের স্ত্রী। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কনের বাবা-মাসহ তিনজনকে থানায় নিয়ে গিছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশি সুকেশ দাসের মেয়ে সুইটি দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শৈলেন দাসের ছেলে সবুজ দাসের। সুইটি দাসের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি। এ নিয়ে দুই পরিবারের মাঝে চরম বিরোধ দেখা দেয়। দুই বছর আগে সুইটি ও সবুজ গোপনে আদালতে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে সুইটির পরিবার তাকে জোরপূর্বক ভারতের ত্রিপুরায় তাদের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে সুইটিকে জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করলে সে পালিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু তাকে ভারতের পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়।

এদিকে বিষয়টি জানতে পেরে সবুজ ত্রিপুরায় তার এক আত্মীয়ের মাধ্যমে আইনজীবী নিয়োগ করে সুইটিকে জামিনে মুক্ত করে দেশে নিয়ে আসেন। দেশে আসার পর তারা দুজন ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও চরম পর্যায়ে পৌঁছে। সবুজের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয় সুইটির পরিবার। ফলে সবুজের পরিবার এলাকা ছেড়ে চলে যায়। একমাস আগে তারা নিজ বাড়িতে ফিরে। এর জেরে মঙ্গলবার সকালে সুইটির পরিবারের পক্ষ নিয়ে স্থানীয় এক যুবক সবুজের পিসাকে হুমকি দেয়। দুপুরে দুই পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সবুজের বাড়িতে ঢুকে সুইটির ভাই নিলয়সহ আরও কয়েকজন হামলা করে। এসময় ইটের আঘাতে সবুজের মা দীপালি দাস গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।