Agaminews
Dr. Neem Hakim

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক খুন: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার


admin প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন /
ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক খুন: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার

নারায়ণগঞ্জ, প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির মাত্র ঘণ্টাখানেক পর মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে দাবি সংস্থাটির।


ঘটনাটি ঘটে গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায়। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি দীর্ঘদিন কারাভোগের পর সেদিন রাত সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন।
নিহতের পরিবারের অভিযোগ, সেখানে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের পরপরই র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)-কে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারের সময় রায়হান ওরফে ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।