Agaminews
Dr. Neem Hakim

বর্ষা উৎসবে ধরিত্রীকে সবুজ করার আহ্বান


admin প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১২:২২ অপরাহ্ন /
বর্ষা উৎসবে ধরিত্রীকে সবুজ করার আহ্বান

বিনোদন ডেস্ক
আজ আষাঢ়ের প্রথম দিনে বর্ষাকে বরণ করে নেওয়া হলো ঢাকার চারুকলা অনুষদের বকুলতলায়। বর্ষার ছোঁয়া না থাকলেও মেঘলা আবহে গান, কবিতা ও নৃত্যে মুখরিত হয়ে উঠেছিল জাতীয় বর্ষা উৎসব উদযাপন পরিষদের আয়োজিত এই উৎসব।
সেতারশিল্পী সোহানী মজুমদারের ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষা উৎসবের ১৮তম আয়োজন। এরপর একে একে আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন খ্যাতিমান শিল্পীরা।

উৎসবের অন্যতম দিক ছিল পরিবেশ সচেতনতা। ‘বর্ষা কথন’ পর্বে শিশু-কিশোরদের হাতে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে ধরিত্রীকে সবুজ করার প্রতীকী বার্তা দেওয়া হয়। এ প্রসঙ্গে বর্ষা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, “ধরিত্রী সবুজ হলেই পৃথিবী বাঁচবে।”

উৎসবে পাঠ করা ঘোষণাপত্রে বলা হয়, প্রকৃতির ওপর মানুষের অনাচারে ঋতুর স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। গ্রীষ্ম অতিরিক্ত উত্তপ্ত, বর্ষা রুক্ষ, শীত চরম, বসন্ত ক্ষীয়মাণ। আধুনিক জীবনধারায় জন্ম নিচ্ছে অপচয়, মাটি খুঁড়ে শেষ করে ফেলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ।

উৎসবে সভাপতিত্ব করেন অধ্যাপক নিগার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন নুসরাত ইয়াসমিন রুম্পা। বর্ষা কথনে বক্তব্য দেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান।

বর্ষার গান পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী, অনিমা রায়, শামা রহমানসহ আরও অনেকে। আবৃত্তি করেন নায়লা তারাননুম চৌধুরী কাকলী ও আহসান উল্লাহ তমাল। দলীয় পরিবেশনায় অংশ নেয় সুর বিহার, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বেশ কয়েকটি শিশু-কিশোর ও সাংস্কৃতিক সংগঠন।

নাচ পরিবেশন করে ধৃতি নর্তনালয়, বেনুকা ললিতকলা কেন্দ্র, নৃত্যাক্ষ, স্পন্দন, সিনথিয়া একাডেমি অফ আর্টস এবং নৃত্যম। যন্ত্রসঙ্গীতে ছিলেন তুলসী সাহা (তবলা), মো. নাসির উদ্দিন (গিটার), রবীন্স চৌধুরী (কী-বোর্ড), বিশ্বজিৎ সেন বিষ্ণু (মন্দিরা)।

আয়োজকেরা জানান, বর্ষা যেমন বাংলার রূপকে আলাদা মাত্রা দেয়, তেমনি পরিবেশ সচেতনতা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চার মাধ্যমও হতে পারে এই ঋতু উদযাপন।