Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ


Ekattor News প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন /
বাজিতপুরে আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা উসমান গনি (সাধারণ সম্পাদক, ১০নং গাজিরচর ইউনিয়ন, ওয়ার্ড-৩) গত ১৫ আগস্ট বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাদিরচর গ্রামের মোঃ রিফাত মিয়া (৩৬), মোহাম্মদ সজিব (২২), মাহিন মিয়া (২৫) সহ আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উসমান গনির বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর করা হয়, যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
হামলাকারীরা ঘরের ভেতরে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে উসমান গনি ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ডান হাতে মারাত্মক জখম পান।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা হুমকি দিয়ে বলে— “যদি থানায় মামলা করো তবে খুন করে ফেলব। আর বাড়িতে থাকতে চাইলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে, না দিলে দেশ থেকে তাড়িয়ে দেব।”
ঘটনার পর উসমান গনি থানায় মামলা করতে ব্যর্থ হন। পরে নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হন। তার দাবি, ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক স্বাক্ষী রয়েছেন, যারা আদালতে প্রমাণ দিতে প্রস্তুত।
এ বিষয়ে তিনি ন্যায়বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।