Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাফ পরা আসামি ছিনতাই


admin প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন /
বাজিতপুরে পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাফ পরা আসামি ছিনতাই

বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামে বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী যুবলীগের বাজিতপুর পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়াকে গ্রেপ্তারের জন্য এসআই আব্দুল কাদির ও এসআই শ্যামল দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
অভিযান চলাকালে একই গ্রামের যুবদল নেতা নাছিম ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদের ও এলাকার কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আসামি জুম্মন মিয়াকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল জোরদার করেছে।
বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ বলেন, “পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। বাজিতপুর প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এবং সাধারণ ও নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই একটি গুরুতর অপরাধ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যান্ডকাফ পরা আসামিকে পুনরায় গ্রেপ্তারসহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”