Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে মাদরাসা শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ!


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন /
বাজিতপুরে মাদরাসা শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ!

বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে মাদরাসা শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মতিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার গাজীরচর ইউনিয়নের পূর্ব ঘাগটিয়া আখড়া মোড় সংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জামিয়া হযরত সাউদা রা. মহিলা মাদরাসার মুহতামিম মাও. তাসলিম উদ্দীন বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে এ রাস্তাটি ব্যবহার হয়ে আসছে। বিগত দুই মাস যাবৎ আব্দুল মতিন রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণের কাজ করছে। শিক্ষার্থীরাসহ স্থানীয়রা চলাচল করতে পারছে না।
মাদরাসাটির শিক্ষক মা. আশরাফ উদ্দীন খান বলেন, ক্রয়কৃত জমির নক্সায় যে রাস্তাটি আছে তার উপর প্রভাব দেখিয়ে জোরপূর্বক ঘর তৈরি করছে আব্দুল মতিন। তাকে বারবার অনুরোধ করার পরেও কারো কথা শুনছে না সে।
মেশকাতের শিক্ষার্থী ফারহানা ও তানিয়া, কুদুরী জামাতের নাহিদা বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক কষ্ট হয়। উঠান দিয়ে বর্তমানে মাদরাসায় যেতে হয়।
স্থানীয়রা জানান, আব্দুল মতিন প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরেই সড়ক ও জনপদের জায়গা দখল করে আছে। তিনি বর্তমানে স্থাপনাও তৈরি করে সওজের জায়গা ভোগদখলে আছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন বলেন, আমি প্রবাসে ছিলাম। তারা দীর্ঘদিন ধরে আমার জায়গার উপর দিয়ে চলাচল করেছে। দক্ষিণ পার্শ্বে রাস্তার জায়গা আছে। মাটি ভরাট করে নিলেই তারা চলাচল করতে পারে।
তিনি সওজের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের কথা স্বীকার করে বলেন, সরকার যদি চায় দখল ছেড়ে দিবো।
এ বিষয়ে গাজীরচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা (নায়েব) মাহবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে সরকারি জায়গা দখলকারি পক্ষটি তার সাথে বাকবিতন্ডায় জড়ান। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।