Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে ৬০ লাখ টাকার সোয়া ১ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস


Ekattor News প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন /
বাজিতপুরে ৬০ লাখ টাকার সোয়া ১ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১২ ঘণ্টাব্যাপী যৌথ অভিযানে প্রায় ৬০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারাশিদ বিন এনাম।
অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
অভিযান শেষে ইউএনও ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলচিয়া বাজারের একাধিক গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে ছিল—৬৪ বস্তা কারেন্ট জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১,০২,৪০০ মিটার, আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৯২ হাজার টাকা । ১,০৫০ পিস চায়না/ম্যাজিক জাল, দৈর্ঘ্য প্রায় ২৬,২৫০ মিটার, বাজার মূল্য আনুমানিক ৪২ লাখ টাকা । মোট জালের বাজার মূল্য ৫৯ লাখ ৯২ হাজার টাকা। রাত ৯টার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় এগুলো নদীপাড়ে খোলা জায়গায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রম শেষ হয় রাত ১২টা ৩০ মিনিটে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, “এটি ছিল আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। এই জাল নদীতে ব্যবহার করা হলে হাওরের মাছের প্রজনন ও উৎপাদনে ভয়াবহ ক্ষতি হতো।”
মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
তাদের মতে, কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট, চায়না ও ম্যাজিক জাল ব্যবহার করে হাওরের মা মাছ, রেণু-পোনা, দেশীয় প্রজাতির মাছ, সাপ ও ব্যাঙ নির্বিচারে নিধন করছে—যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা আরও বলেন, স্থানীয়দের সহযোগিতা ও প্রশংসায় রাতভর চালানো এই অভিযান হাওর রক্ষার আন্দোলনে এক গৌরবময় মাইলফলক হয়ে থাকবে।