
নিজস্ব সংবাদদাতা, বান্দরবান:
বান্দরবানের আলীকদমে সেনাজোন ও উপজেলা প্রশাসনের অভিযানে
অবৈধ পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দিবাগত রাতে আলীকদম সদরের পাহাড়তলী পাড়া এলাকায় রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ অভিযান চলানো হয়। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আলীকদম সেনা জোন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম এর নেতৃত্বে আলীকদম সদরের পাহাড়তলী পাড়া এলাকায় রবিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মমনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ঙ) ধারায় দুইজনকে ১লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পাহাড় কাটায় ব্যবহৃত তিনটি ছোট ট্রাক ও একটি স্কেভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অভিযুক্ত দুই ব্যক্তি ও আটক যানবাহনগুলোকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মমনজুর আলম জানান, পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :