Agaminews
Dr. Neem Hakim

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন /
বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান:

বান্দরবানে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও এবং সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এসময় বিক্ষোভ কারীরা সাবেক মন্ত্রী বাহাদুর’সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবীতে ২৪ ঘন্টা আল্টিমেটাম দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়কের ব্যারিকেড তুলে দেন ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবান শহরের ট্রাফিক মোড় থেকে একটি মিছিল নিয়ে রাজার মাঠ সংলগ্ন ইমানুয়েল হাসপাতালের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখান থেকে রাত ১টায় “নারায়ে ত্বাকবীর” স্লোগান ধরে সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে বাসভবনে দ্বিতীয় গেটে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় বীর বাহাদুরের বাসভবনের একাংশ’সহ গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, বীর বাহাদুরের বাসভবনে আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের উপর হামলা চালান বিক্ষোভকারীরা। পরবর্তীতে সেনাবাহিনী সহযোগিতায় আগুন নেভাতে ১ঘন্টা সময় লাগে বলে জানান তিনি।

বান্দরবান সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, গত রাতে ঘটনাকে কেন্দ্র করে একজন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। এঘটনায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ টিম মাঠে রয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, বান্দরবানের জেলা পুলিশ জনগণের স্বার্থে কাজ করবে। সম্প্রীতির জেলার সুনামের স্বার্থে সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।