Agaminews
Dr. Neem Hakim

বার্সেলোনায় নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কা স্টেগানের


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৪:১০ অপরাহ্ন /
বার্সেলোনায় নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কা স্টেগানের

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ফিরলেও পুরো দলের সঙ্গে নয়, বরং এককভাবে জিমে অনুশীলন করেছেন বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ফলে কাতালান ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে চলছে জোর গুঞ্জন।

ক্লাব সূত্রে জানা গেছে, গত রোববার বার্সার খেলোয়াড়দের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। এরপর সোমবার নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথমবারের মতো মাঠে গড়ায় অনুশীলন সেশন। তবে সেখানে দেখা মেলেনি জার্মান এই গোলরক্ষকের। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনি সেদিন একা জিমে অনুশীলন করেছেন। একই অবস্থা ছিল মঙ্গলবারও—দুই সেশনেই ছিলেন অনুপস্থিত।

আগামী সপ্তাহে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে এশিয়ায় যাওয়ার কথা রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে এই সফরে টার স্টেগান থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন টার স্টেগান। ক্লডিও ব্রাভো ক্লাব ছাড়ার পর ২০১৬ সাল থেকে এক নম্বর গোলরক্ষক হিসেবে দলে নিজের জায়গা পাকা করেন তিনি। তবে চলতি গ্রীষ্মে এস্পানিওল থেকে ২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে চুক্তিবদ্ধ হওয়া হুয়ান গার্সিয়ার আগমনে টার স্টেগানের অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে।

স্প্যানিশ ও ইউরোপীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে—দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তার আর জায়গা নেই। এমনকি তাকে ক্লাব ছাড়ার ব্যাপারে উৎসাহিতও করা হয়েছে। তবে স্টেগান নিজে এখনও ক্লাবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে চান তিনি।

অন্যদিকে, নতুন মৌসুম শুরুর আগেই দুই বছরের জন্য বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন হুয়ান গার্সিয়া। ধারণা করা হচ্ছে, তিনিই হতে যাচ্ছেন বার্সেলোনার আগামী মৌসুমের প্রথম পছন্দ গোলরক্ষক।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে হাঁটুর জটিল ইনজুরিতে পড়েছিলেন টার স্টেগান। সেই সময় ক্লাব ওজিচে সিজিসনি-কে দলে টেনে আনে। মৌসুমের একেবারে শেষদিকে স্টেগান ইনজুরি কাটিয়ে ফিরলেও, মূল গোলরক্ষকের দায়িত্বে তখন ছিলেন সিজিসনি।