Agaminews
Dr. Neem Hakim

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জ-১ আসনে ৫ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন /
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জ-১ আসনে ৫ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ ডিসেম্বর) সোমবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে জজ চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে এ প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী। এ সময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অপর ৪ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। তারা হলেন-২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী দেশ ও দলসহ জনস্বার্থে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ কাউকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। এ সময় তিনি বলেন, বিএনপি ঘোষিত প্রার্থীকে যদি বাদ দেয়া না হয়, তাহলে এই সংসদীয় এলাকার মানুষ যোগ্য ও উপযুক্ত প্রার্থী বেছে নিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।
এ সময় তিনি অভিযোগ করেন, মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু তাঁর বক্তব্যে মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন চিহ্নিত দুর্নীতি পরায়ন ও চাঁদাবাজ হিসাবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।
এছাড়া একই মঞ্চে উপস্থিত থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম তাদের বক্তব্যে মাজহারুল ইসলামকে অযোগ্য উল্লেখ করে তার প্রার্থীতা বাতিল করে অন্য কাউকে প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি আদায়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থিত দলীয় নেতা-কর্মীরা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।