
নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নুর নারী সমর্থকরা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জজ চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে সংসদীয় আসন সদর ও হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক নারী নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনিয়ম ও অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় তার মনোনয়ন বাতিল করা উচিত। মিছিল চলাকালে এসব দাবি তুলে নানা স্লোগান শোনা যায়।
মিছিলের নেতৃত্ব দানকারী বিএনপি নেতা ও রেজাউল করিম খান চুন্নুর ছোটভাই শাহীন গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের হাইকমান্ডের কাছে এ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাই।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়েছে। এর আগে মশাল মিছিলসহ নানা প্রতিবাদ কর্মসূচি হয়েছে। ৪ ডিসেম্বর মাজহারুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকেই এ অসন্তোষ প্রকাশ্যে আসে।
প্রসঙ্গত: কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে সংসদীয় এলাকায় সরব ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। সর্বশেষ কেন্দ্রীয় বিএনপি এ আসনে তাদের মধ্যে থেকে কাউকে মনোনয়ন দেয়নি।
বরং হাইকমাণ্ড কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে। তিনি মনোনয়ন পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংসদীয় এলাকায় গণসংযোগসহ নির্বাচনী প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে মনোনয়ন বঞ্চিত অন্য বিএনপির নেতারা একজোট হয়ে দলীয় প্রার্থীর নাম ঘোষনার পর থেকেই এ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সদর ও হোসেনপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :