Agaminews
Dr. Neem Hakim

বিমান দুর্ঘটনায় নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন /
বিমান দুর্ঘটনায় নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের

শিরোপা জয় মানেই সাধারণত আনন্দ-উল্লাসে ভাসে একটি দল। কিন্তু সোমবার (২১ জুলাই) বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চ্যাম্পিয়ন হয়ে সংবাদ সম্মেলনে এলেও আনন্দের বদলে কণ্ঠে ছিল শোক, চোখে ছিল সমবেদনার ছায়া। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। দেশের এই হৃদয়বিদারক ঘটনায় শোকাহত গোটা জাতি, আর সেই আবহ ছুঁয়ে গেছে জাতীয় নারী ফুটবল দলকেও।

সংবাদ সম্মেলনের শুরুতেই দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন,‘এই মুহূর্তটি উদ্‌যাপনের জন্য নয়। কিছুক্ষণ আগেই আমরা একটি ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি, যেখানে অনেক মানুষ মারা গেছেন। সত্যিই অত্যন্ত মর্মান্তিক। তাদের প্রতি আমাদের গভীর শোক ও শ্রদ্ধা।’

দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানান, মাঠে নামার আগে খবরটা জানার পর পুরো দল একসঙ্গে সিদ্ধান্ত নেয়, আজকের ম্যাচ জয় উৎসর্গ করা হবে দুর্ঘটনায় নিহতদের। তিনি বলেন,‘খবরটা শুনে আমরা সবার আগে ভাবি, আজকের ম্যাচটা আমরা তাদের জন্য খেলব। যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করাই আমাদের দায়িত্ব মনে হয়েছে। আমরা পেরেছি, সেটাই শান্তি।’

ম্যাচে একাই চারটি গোল করা সাগরিকার কণ্ঠেও ছিল শোকগাথা। সংবাদ সম্মেলনে এসে বললেন,‘আমি প্রথম যে গোলটা করেছি, সেটা উৎসর্গ করেছি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। খুবই কষ্ট লাগে, এতগুলো প্রাণ চলে গেছে। এটা সত্যিই দুঃখজনক। বাংলাদেশের মাটিতে এমন একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই গভীরভাবে ব্যথিত।’

শিরোপা জয়ের পরও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ছিল না কোনো উচ্ছ্বাসের ঝলক। মাঠে, ডাগআউটে কিংবা সংবাদ সম্মেলন কক্ষে সর্বত্রই ছিল এক গভীর শোকের আবহ।