Agaminews
Dr. Neem Hakim

বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গেলেও বেড়েছে তাপমাত্রার দাপট


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ২:১৮ অপরাহ্ন /
বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গেলেও বেড়েছে তাপমাত্রার দাপট

দেশজুড়ে টানা বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গেলেও ফের বেড়েছে তাপমাত্রার দাপট। তবে এই অবস্থার মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন অঞ্চলের নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়েছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত গেছে। অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার ছাড়াও চট্টগ্রামে ৪৮, বাগেরহাটের মোংলায় ৪২, রাঙামাটিতে ৩৯, কিশোরগঞ্জের নিকলিতে ১৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তবে এরমধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে সোমবার (২১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে মঙ্গল ও বুধবার (২২-২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ দু’দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

তবে মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে, সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার তা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই ধারা এবং সম্ভাব্য লঘুচাপের কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি এলাকায় ভূমিধস বা জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে, যা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।