
নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা :
ঢাকা–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী, যাকে দল–মত নির্বিশেষে মানুষ হৃদয় থেকে ভালোবাসে। তিনি আরও বলেন, বহু আগেই বেগম খালেদা জিয়া জাতির হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। দেশজুড়ে সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছেন।
শনিবার বিকালে ডেমরার সারুলিয়া গরুর হাট প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর তার নেতৃত্বে ঢাকা–৫ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সারুলিয়া গরুর হাট থেকে শুরু হওয়া গণমিছিলটি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোনাপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলের শুরুতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, বেগম জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ একসময় স্থিতিশীলতা ও আস্থার পরিবেশে ছিল, যা এখনো অনেকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।
ঢাকা–৫ আসনের চলমান সমস্যা তুলে ধরে নবীউল্লাহ নবী বলেন, এলাকায় এখনো কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে একটি আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বহু বছর ধরে বন্ধ থাকা সরকারি করিম ও লতিফ জুট মিলকে ইপিজেডে রূপান্তর করা গেলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আনবে।
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়ে নবীউল্লাহ নবী বলেন, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও মাদক—এসবের কোনো স্থান ঢাকা–৫ এ থাকবে না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি। সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে ঢাকা–৫ কে একটি নিরাপদ, উন্নত ও মানবিক এলাকায় গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন নবী।
সভাটি পরিচালনা করেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক এস. এম. রেজা চৌধুরী সেলিম। এসময় আরো উপস্থিতত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহবায়ক মো. জামশেদুল আলম শ্যামল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সোহেল আহাম্মদ, যাত্রাবাড়ি থানা বিএনপির কার্যকরী সদস্য ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলাম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মনির হোসেন খান। এছাড়া সভা ও মিছিলে যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিএনপি নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :