Agaminews
Dr. Neem Hakim

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন /
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের আরও বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।’

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে:
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,
২. আহতদের নির্ভুল তালিকা,
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,
৪. ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,
৬. প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা মাইলস্টোন কলেজে যায়। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে আইন উপদেষ্টা, প্রেস সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। এই সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সেখানে আলোচনার জন্য ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেয়া হয়।

এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা দুর্ঘটনার সুষ্ঠু বিচার, লাশের সঠিক হিসাবসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন।