Agaminews
Dr. Neem Hakim

মানিকগঞ্জে ‘রনি জুয়েলার্স’ ইস্যুতে সাংবাদিককে হুমকি ও অপপ্রচার


Ekattor News প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন /
মানিকগঞ্জে ‘রনি জুয়েলার্স’ ইস্যুতে সাংবাদিককে হুমকি ও অপপ্রচার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার শায়েস্তা বাজারে ইউনিয়ন পরিষদের পাশে স্বর্ণপট্টিতে অবস্থিত ‘রনি জুয়েলার্স’ নামের দোকানকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দোকানটির মালিক জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ভিডিও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রচার করতে গেলে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শনের শিকার হন।
১৭ই আগস্ট ২০২৫ ইং, রবিবার জাতীয় পত্রিকা দৈনিক সরেজমিন, দৈনিক বিজনেস ফাইল এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি, ফাল্গুনী টেলিভিশন, রূপসী বাংলা টিভিসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে এ সংক্রান্ত রিপোর্ট প্রচারিত হয়।

সংবাদ প্রচারের পর দোকানদার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোজিনা সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা শুরু করে। সেখানে সাংবাদিকের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়, যা সংশ্লিষ্ট সাংবাদিক সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগ আরও রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর পাশাপাশি তাকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
সাংবাদিক সুমন আহমেদ বলেন, “আমরা ভিডিও প্রমাণসহ অনুসন্ধান করেছি। এরপর থেকেই আমার নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং ফোনে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। তাদের অভিযোগ—এ ধরনের হুমকি ও অপপ্রচার শুধু সাংবাদিকদের নিরাপত্তাই নয়, গণমাধ্যমের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোজিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাংবাদিক মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সাংবাদিক সুরক্ষার নিশ্চয়তা দাবি করেছে।