Agaminews
Dr. Neem Hakim

মানিকগঞ্জে রাস্তাঘাটে জলাবদ্ধতায় মানববন্ধনে উত্তাল জনতা


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ৫:১২ অপরাহ্ন /
মানিকগঞ্জে রাস্তাঘাটে জলাবদ্ধতায় মানববন্ধনে উত্তাল জনতা

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের জমির উদ্দিন দেওয়ানের বাড়ি থেকে পারভেজের দোকান পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দীর্ঘ ২০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার (২৮ জুলাই ২০২৫) দুপুর ২টায় মানববন্ধন করেন স্থানীয় জনসাধারণ।
বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে এলাকার শিশু-কিশোরদের স্কুলে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি প্রয়োজনে কোনো রিকশা বা অটোরিকশা এই রাস্তায় প্রবেশ করতে চায় না, ফলে অসুস্থ রোগী ও বৃদ্ধদের চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে। এমনকি বাসিন্দারা নিজের ঘরের নিকট পৌঁছাতে ভ্যান বা রিকশা পায় না। রাস্তার ওপর কোথাও কোথাও ভাঙাচোরা অংশে কাঁদা-পানি জমে হাঁটাও দুষ্কর হয়ে উঠেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯নং ওয়ার্ড শাখা। কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল। সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ আহাদ।
এ সময় বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম শিমুল, মোহাম্মদ জামির উদ্দিন দেওয়ান জামু, মোহাম্মদ প্রবাল, সুফিয়া বেগম সহ আরও অনেকে। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও রাস্তাটির কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। পৌর কর্তৃপক্ষের এমন অবহেলা আমাদের হতাশ করেছে।”
তারা আরও বলেন, “আমরা দাবি জানাচ্ছি—অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা করা হোক। তা না হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে।”
উল্লেখ্য যে, এলাকাটি মানিকগঞ্জ শহরের ঘনবসতিপূর্ণ একটি অঞ্চল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত থেকে গেছে। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার আবেদন করেও কাজ হয়নি বলে জানান বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, রাস্তাটি সংস্কার হলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শ্রেণির মানুষ উপকৃত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।