Agaminews
Dr. Neem Hakim

মা মাছ রক্ষায় রায়পুরায় প্রশাসনের অভিযান, জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন /
মা মাছ রক্ষায় রায়পুরায় প্রশাসনের অভিযান, জরিমানা

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):

মৎস্য সম্পদ সংরক্ষণে নরসিংদীর রায়পুরায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ ২০২৬) উপজেলার মরজাল ইউনিয়নের বাঘমারা ব্রিজ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মা মাছ নিধন (ফিক্সড ইঞ্জিন ব্যবহার) এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা প্রদানের অপরাধে ২ জনকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্থানীয়দের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এ সময় সিনিয়র মৎস্য অফিসার আবদুল্লাহ আল মামুন, রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।