Agaminews
Dr. Neem Hakim

মিঠামইনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন /
মিঠামইনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত উপজেলা মিঠামইনের ঢাকী ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ডিসেম্বর) সোমবার বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। উপজেলার ঠাকুরহাটিতে অনুষ্ঠিত বিশেষায়িত এই স্বাস্থ্যক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ শহীদুজ্জান ভূঞা।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহযোগিতায় বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করছে ডিএসকের পিপিইপিপি-ইইউ প্রকল্প। এতে করে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে বিভিন্ন ধরনের চক্ষুসেবার চিকিৎসা প্রদান করাসহ চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা করে হাওড়াঞ্চলের প্রান্তিক মানুষকে উপকৃত করা হচ্ছে বলে জানা গেছে।

ডিএসকের কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, কিশোরগঞ্জের দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন ও উপ-সহকারি মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ’র নেতৃত্বে দিনব্যাপী চক্ষু ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষুরোগীদের চিকিৎসা প্রদান করা হয়। এ সময় ডিএসকের সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ রাসেল হোসেনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে মোট ১২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চক্ষু সেবা প্রদান করা হয়। পাশাপাশি আরও ১০ জন চক্ষু ছানি রোগীকে বিনামুল্যে চক্ষু ছানি আপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে পিপিইপিপি প্রকল্পের আওতায় এখন পর্যন্ত মিঠামইন উপজেলার ঢাকী এবং বৈরাটি ইউনিয়নে মোট ৮০ জন চক্ষু ছানি রোগীকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করিয়ে দেওয়া হয়েছে।