
মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি বিএনপির
ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে চট্টগ্রাম শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব অনিয়ম বন্ধের দাবি জানিয়েছে দলটি।
আজ শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় এই শহর থেকেই।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক! বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হচ্ছে এবং দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ছে।
এ ধরনের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।
ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী।
বিবৃতিতে বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। এ ছাড়া বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :