
নিজস্ব সংবাদদাতা, ডেমরা ( ঢাকা) :
রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মালঞ্চ গলি এলাকার একটি কমিউনিটি সেন্টারের সংলগ্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে সোমবার বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হারুনুর রশিদ মুন্না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সরকারবিরোধী মিছিল ও নাশকতামূলক কর্মসূচির প্রস্তুতির সময় মুন্নাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানার অপারেশন অফিসার খালেদ হাসান জানান, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরীহ ছাত্র ও সাধারণ মানুষ হত্যার ঘটনায় মুন্নার বিরুদ্ধে যাত্রাবাড়ীসহ একাধিক থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া পতিত আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি অংশগ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধের স্বার্থে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এলাকায় সরকারবিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :