
নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ২য় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদকে ২য় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় কামাল আনোয়ার আহাম্মদকে অভিনন্দন জানিয়ে রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে আয়োজিত এ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মৌমিন হোসেনসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
জানা যায়, রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রজীবন থেকেই ঢাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের যুগ্ম সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে প্রায় ৭৯টি মামলা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, “কামাল আনোয়ার আহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে তাকে মূল্যায়ন করায় আমরা রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও-৩ আসনের নেতাকর্মীরা আনন্দিত ও গর্বিত।”
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদের অন্তর্ভুক্তিকে স্থানীয় নেতাকর্মীরা রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :