Agaminews
Dr. Neem Hakim

রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি: কাপাসিয়া বাজার পরিদর্শনে এমপি সালাউদ্দিন আইউবী


Ekattor News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:০৪ অপরাহ্ন /
রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি: কাপাসিয়া বাজার পরিদর্শনে এমপি সালাউদ্দিন আইউবী

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) :

পবিত্র রমজান মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি কাপাসিয়া বাজারের বিভিন্ন অংশ সশরীরে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বাজারের কাঁচামাল আড়ত থেকে শুরু করে ফলের দোকানগুলো ঘুরে দেখেন। তিনি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে পণ্যের দাম ও তাদের সমস্যার কথা শোনেন। বিশেষ করে রমজানে অতি প্রয়োজনীয় লেবু, টমেটো, ধনেপাতা, কলা এবং বিভিন্ন ফলমূলের দাম হঠাৎ কেন বেড়ে গেল, সে বিষয়ে উপস্থিত ব্যবসায়ীদের কাছে জবাবদিহি চান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আইউবী বলেন:
“আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। রমজান হলো সংযম ও সহমর্মিতার মাস। এই মাসে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের মধ্যে থাকার কথা, সেখানে উল্টো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। লেবু, টমেটো বা খেজুরের মতো পণ্যের দাম কেন আকাশচুম্বী হবে, তা খতিয়ে দেখা দরকার।”তিনি আরও স্পষ্ট করে বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাসে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটা কোনোভাবেই বরদাশত করা হবে না। বাজার পরিদর্শন শেষে সংসদ সদস্য সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দ্রুতই স্থানীয় প্রশাসনের সাথে জরুরি বৈঠক করবেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করা এবং সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।