Agaminews
Dr. Neem Hakim

রাসেলের শেষ ম্যাচকে বিষাদে পরিণত করলেন ইংলিস-গ্রিন


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন /
রাসেলের শেষ ম্যাচকে বিষাদে পরিণত করলেন ইংলিস-গ্রিন

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন। সে অনুযায়ী, বুধবার (২৩ জুলাই) রাসেল খেলেন তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মাঠে নামার সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে এই বিদায়ী ম্যাচের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না রাসেলের জন্য। অস্ট্রেলিয়া ৮ উইকেটের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রানের লক্ষ্য দাঁড় করায়। তবে অস্ট্রেলিয়া ২৮ বল আগেই সেই লক্ষ্য অতিক্রম করে জয় লাভ করে। কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট জুটিতে ১৩১ রানের একটি রেকর্ড জুটি গড়েন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। এটি অস্ট্রেলিয়ার জন্য টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ডটি ছিল ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১১৮ রানের জুটি।

ইংলিস ও গ্রিনের এই জুটি ভাঙতে পারতো মাত্র ৪ রানে, কিন্তু স্পিনার গুদাকেশ মতির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইংলিসের ক্যাচ ফেলে দেন রাসেল। ওই ওভারে আরও দুইবার জীবন পান গ্রিন। এরপর এই দুইজনেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইংলিস ৩৩ বলে ৭৮*(৭ চার ৫ ছক্কা) এবং গ্রিন ৩২ বলে ৫৬*(৩ চার ৪ ছক্কা) রান করেন।

ম্যাচের শেষে রাসেল এই ম্যাচে দুটি ক্যাচ ফেলেন এবং বোলিংয়ে রান খরচায় তার গড়ও ছিল সবচেয়ে বেশি। মাত্র ১ ওভার বোলিং করে তিনি ১৬ রান দেন। তবে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন রাসেল। ১৫ বলে ৩৬ রান (২ চার ৪ ছক্কা) করার পর ইনিংসটি বড় করতে পারেননি। রাসেল ছাড়া ওপেনার ব্রান্ডন কিং ৩৬ বলে ৫১ রান করেন। অন্যদিকে বাকিরা ২০ রান পর্যন্তও পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।