Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে কিশোর চালক খুন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৯:১২ অপরাহ্ন /
রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে কিশোর চালক খুন

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদীর রায়পুরা উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে এক কিশোর চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ–বদরপুর সংযোগ সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম শাহাদত হোসেন (১৩)। সে আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে শখের বসে বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় শাহাদত। পরে বিকেলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে ধরে আক্রমণ করে। ঘটনাস্থলের এক পাশে রিকশাটি পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে হত্যা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।