Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মনোনয়ন বঞ্চিতদের মোটরসাইকেল শোডাউন


admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ১০:২৩ অপরাহ্ন /
রায়পুরায় বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মনোনয়ন বঞ্চিতদের মোটরসাইকেল শোডাউন

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন ও তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নেয়।

নরসিংদী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল বলেন, রায়পুরায় বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে গত ১৮ দিনে তৃণমূলের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে মামলা খেয়ে জেল খেটেছে তাদেরকে উপেক্ষা করে মিটিং মিছিল করছে।

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেছেন, শত শত মোটরসাইকেলে যে শোডাউন হয়েছে তাতে বুঝা যায় রায়পুরার মানুষ মনোনয়ন পরিবর্তন চায়। রায়পুরাবাসীর মনের কথা বিবেচনা করে চূরান্ত মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবী জানান তিনি।

জেলা বিএনপি সহ সভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, বিএনপি করতে গিয়ে বহুবার জেলে গিয়েছি, অসুস্থ হয়েও জেল খেটেছি তবুও দল ছাড়িনি। আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। এসময় তিনি রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবী জানান।