
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ নতুন বাজার এলাকায় শনিবার বিকেলে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া রুহেল। তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং এর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
লিফলেট বিতরণকালে রফিকুল ইসলাম ভূইয়া রুহেল বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব করেছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র সংস্কার করা সম্ভব। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই ধারাবাহিকভাবে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আমিরগঞ্জ ইউনিয়নসহ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :