Agaminews
Dr. Neem Hakim

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট: সেবায় চরম ভোগান্তি


Ekattor News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন /
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট: সেবায় চরম ভোগান্তি

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):

দেশের দ্বিতীয় বৃহৎ উপজেলা রায়পুরায় প্রায় সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি ভরসা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ বিশাল জনপদের জনগণের জন্য মাত্র ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আলট্রাসাউন্ডসহ গর্ভধারণ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অকার্যকর থাকায় গর্ভবতী নারী ও সাধারণ রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।
ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে চিকিৎসার জন্য যেতে হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতাল-এ। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে দুর্ভোগ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ৭ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল একেবারেই অপ্রতুল। তারা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীতকরণ, আইসিও,সিসিও,এনআইসিও ইউনিট পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম দ্রুত সরবরাহের দাবি জানিয়েছেন।
রায়পুরাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রায়পুরার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, আমরা ১০০ শয্যায় জন্য মন্ত্রণালয়ে দাবি জানিয়েছি। ১০০ শয্যায় উন্নতি হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।