
সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লতিফকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত ৮টার দিকে জেলার সোনারগাঁও উপজেলার কাজীপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় জলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ১৪ বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত ২৬ জন আসামির মধ্যে ৩ জনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লতিফকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাইম উল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সক্রিয় রয়েছে এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে
আপনার মতামত লিখুন :