Agaminews
Dr. Neem Hakim

লালমনিরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার


Ekattor News প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন /
লালমনিরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

আবির হোসেন সজল, লালমনিরহাট 

লালমনিরহাটে পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে ২টি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ২টি ডিসকভার ১১০ সিসি এবং ১টি ডিসকভার ১০০ সিসি। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এসব মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ মজনু (৪৫), লুৎফর রহমান (৪৮), সোহেল রানা (৩০), আব্দুর রাজ্জাক (২৪), আব্দুল আজিজ (২৪), মাহমুদ হাসান (২২), বাবু সরকার (৩২) এবং হাসানুজ্জামান (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ অভিযান অব্যাহত রাখবে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ উপস্থিত ছিলেন।