
নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যানের দাবিতে মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-৫ আসনের সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে অনুষ্ঠিত এ মশাল মিছিলের ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে মিছিলটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।
মিছিলে নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের পাশাপাশি বলেন ষড়যন্ত্রের নির্বাচনের তফসিল মানিনা-মানবো না, নৌকা ছাড়া নির্বাচন চলবে না। অবৈধ সরকার ও অবৈধ নির্বাচন কমিশনের তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। ব্যবহৃত ব্যানারে আরও লেখা ছিল ষড়যন্ত্রের নীলনকশার নির্বাচনী ইশতেহার বাতিল কর, করতে হবে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, মশাল মিছিলের ভিডিও ফেসবুকে দেখা গেলেও সুনির্দিষ্ট স্থান চিহ্নিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন। যদি ডেমরা থানা এলাকায় মিছিলটি হয়ে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।
এর আগেও ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া এমপি, ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :