
একাত্তর নিউজ ডেস্ক :
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শ’ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিশ্চর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর উদ্যোগে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, হরিশচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর আব্দুল আওয়াল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেসুর রহমান, এসওএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস্ ভিলেজ বগুড়ার সহকারী পরিচালক ও ইনচার্জ মো। আসাদুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, শিশুদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, একটি শিশুর জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সহায়ক উপকরণ। স্কুল পোশাক প্রদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
আপনার মতামত লিখুন :