Agaminews
Dr. Neem Hakim

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান কিমের


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ২:২৮ অপরাহ্ন /
সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সেনাবাহিনীকে ‘সত্যিকারের যুদ্ধের জন্য’ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের সময় রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র মোতায়েনের পর কিম এ মন্তব্য করলেন।

বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আর্টিলারি ইউনিটের সৈন্যরা সমুদ্রের দিকে শেল নিক্ষেপ করছে।

দুই সামরিক কর্মকর্তার পাশে একটি পর্যবেক্ষণ পোস্টে কিমকে দূরবীন দিয়ে তাকাতে দেখা গেছে, তবে বুধবারের প্রতিযোগিতার স্থান প্রকাশ করা হয়নি।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তিনি সৈন্যদের ‘যে কোনো সময়’ সত্যিকারের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার এবং ‘প্রতিটি যুদ্ধে শত্রুকে ধ্বংস’ করতে সক্ষম হওয়ার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, পিয়ংইয়ং গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট ব্যবস্থাসহ ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে।

রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছে বলে জানিয়েছে সিউল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় কিম মস্কোকে ইউক্রেন যুদ্ধে পূর্ণ সমর্থনের প্রস্তাব দেন।

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল পিয়ংইয়ং সফরের সময় পারস্পরিক প্রতিরক্ষা ধারাসহ একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ।