Agaminews
Dr. Neem Hakim

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন /
সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের শুরুতে প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহিদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে তিনি সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনাসদস্যদের এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ছাত্র-জনতার কথা স্মরণ করেন তিনি।

প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এসব গুণাবলির পাশাপাশি নিযুক্তিগত উপযুক্ততা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বগুণসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদে উন্নীত হওয়ার জন্য উপযুক্ত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনের বিভিন্ন পর্যায়ে সফল নেতৃত্ব প্রদান করেছেন, তাদের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর আরোপিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন।’ দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সেনাপ্রধান।

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।