Agaminews
Dr. Neem Hakim

হাদির ওপর হামলার প্রতিবাদে ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন /
হাদির ওপর হামলার প্রতিবাদে ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, (ঢাকা)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সারুলিয়া গরুর হাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে বড়ভাঙ্গা হয়ে স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস. এম. রেজা চৌধুরী সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান। এতে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে এস. এম. রেজা চৌধুরী সেলিম বলেন, শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। এর মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি সারুলিয়া গরুর হাট এলাকা থেকে উদ্ধার হওয়া গ্রেনেডটি তাদের ওপর হামলার উদ্দেশ্যেই রাখা হয়েছিল, যা একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত অপচেষ্টার প্রমাণ। প্রশাসনের একাংশের গাফিলতির কারণেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার ঘটছে বলেও তিনি মন্তব্য করেন। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, নির্বাচন তফসিল ঘোষণার পরদিনই হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, চলমান নির্বাচনকে বানচাল করা এবং জনগণের ভোটাধিকার হরণই এ ধরনের হামলার মূল উদ্দেশ্য। পাশাপাশি তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।