
একাত্তর নিউজ ডেস্ক :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মাজার সংলগ্ন এলাকার ট্রান্সফরমারটি খুলে নিয়ে এর মূল্যবান যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায়। সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, জনবহুল ও প্রধান সড়কের পাশ থেকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা।
এলাকার বাসিন্দা রবিন মিয়া বলেন, “মেইন রোডের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় আছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম বলেন, “নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “ট্রান্সফরমার চুরির ঘটনাটি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”
আপনার মতামত লিখুন :