নিয়ামতপুরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে নারীর মৃত্যু
admin
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ২:০০ পূর্বাহ্ন /
০
একাত্তর নিউজ ডেস্ক :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে জুলেখা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঘুডাঙ্গা মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বিবি মহাদেবপুর উপজেলার বেলকুড়ি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মাহতাব উদ্দিন শাহ (৬০) ও সৌরভ (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহতাব উদ্দিন শাহ তার স্ত্রী জুলেখা বিবি ও নাতি সৌরভকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘুঘুডাঙ্গা গ্রামের মাদ্রাসার পাশের একটি কালভার্ট পার হওয়ার সময় হঠাৎ ভ্যানটির ব্রেক ফেল করে।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের গর্তে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জুলেখা বিবির মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আপনার মতামত লিখুন :