Agaminews
Dr. Neem Hakim

লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলন: নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আহ্বান


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন /
লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলন: নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আহ্বান

একাত্তর নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলন কবি-লেখক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘আঞ্চলিক সাহিত্য সংগঠন এবং সাহিত্য আন্দোলন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও লেখক ইয়াসমিন সুলতানা। উদ্বোধনী বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি আসাদ কাজল। আলোচনায় অংশ নেন মানবাধিকারকর্মী শামছুল করিম খোকন, অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, সাহিত্য সংসদের সহ-সভাপতি মোরশেদ আলম হাওলাদার, জেলা জাসাস সভাপতি ড্যানি চৌধুরী ও মাহবুবুর রশীদ চৌধুরী।

বক্তারা আঞ্চলিক সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। কবিতায় আলম হোসেন, নাট্য গবেষণায় ড. বাবুল বিশ্বাস, প্রবন্ধে মুহাম্মদ ফরিদ হাসান, অনুবাদে মাইনুল ইসলাম মানিক, সাহিত্য পত্রিকা সম্পাদনায় চট্টগ্রামের ‘আন্দরকিল্লা’র সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এবং আবৃত্তিতে মলিনা মজুমদার সম্মাননা পান।

এ ছাড়া ‘বাংলা আওয়াজ’ লেখক সম্মাননা পান কবি আযাদ কামাল ও বকুল আক্তার দরিয়া। সাংবাদিক সাহিত্যিক সানাউল্লাহ নূরী সাহিত্য সম্মাননা পান কথাশিল্পী নিমগ্ন দুপুর। কবি মুস্তাফিজুর রহমান সাহিত্য সম্মাননা পান সংগীত সাধনায় মাহবুবুল বাসার।

জেলার বর্ষসেরা কবি হিসেবে সম্মাননা পান কবি সালেহা খানম ও ফারিয়ান তাহরীম। সব মিলিয়ে ১৩ জন কবি-লেখককে সম্মাননা দেওয়া হয়।

সম্মেলনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য কুইজ, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমু চৌধুরী ও ফখরুল ইসলাম। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন তাইফুল ইসলাম। পাশাপাশি উপস্থিত কবিদের কবিতা আবৃত্তিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।